দীর্ঘদিন ধরে জনসমক্ষে অনুপস্থিত ঢালিউডের জনপ্রিয় অভিনেতা এবং সদ্য বিদায়ী সরকারের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। রাজনৈতিক পালাবদলের পর অন্যান্য সাবেক এমপিদের মতো তিনিও আত্মগোপনে চলে গেছেন। কোথায় আছেন, কী করছেন- তা ঘনিষ্ঠজনরাও নিশ্চিত করে বলতে পারছেন না। গুঞ্জন ছিল তিনি কলকাতায় অবস্থান করছেন, তবে সেখানেও তার কোনো খোঁজ মেলেনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার কোনো উপস্থিতি নেই।
তবুও বন্ধুত্বে ছেদ পড়েনি। সম্প্রতি কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি কবিতার স্ক্রিনশট শেয়ার করে জানান, কবিতাটি লিখে পাঠিয়েছেন ফেরদৌস। এতে বোঝা যায়, আত্মগোপনে থেকেও বন্ধু ঋতুপর্ণার সঙ্গে তার যোগাযোগ রয়েছে।ঋতুপর্ণা লেখেন, “আমার প্রিয় বন্ধু এবং পরিবারের সদস্য ফেরদৌসকে জন্মদিনের শুভেচ্ছা। এই সুন্দর উপহারের জন্য (তোমার লেখা কবিতা) ধন্যবাদ। ‘পুরাতন’-এর সাফল্যের জন্য তোমার এই কবিতা আমার অনেক মূল্যবান। স্ক্রিনিংয়ের সময় তোমাকে ভীষণ মিস করেছি। আশা করি শিগগিরই দেখা হবে এবং আবার একসঙ্গে কাজ করব।”
প্রসঙ্গত, ৭ জুন ছিল ফেরদৌস আহমেদের জন্মদিন। বাংলাদেশে দিনটি ঘিরে কোনো বিশেষ আয়োজন না থাকলেও কলকাতায় তার দীর্ঘদিনের সহশিল্পী ও বন্ধু ঋতুপর্ণার এই পোস্ট ফেরদৌসকে নিয়ে আবারো আলোচনায় নিয়ে আসে।
কবিতাটি ঋতুপর্ণার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পুরাতন’-কে ঘিরে লেখা। সিনেমাটি মুক্তি পায় চলতি বছরের এপ্রিল মাসে। ফলে অনুমান করা যায়, কবিতাটি সাম্প্রতিক সময়েই লেখা হয়েছে। অর্থাৎ এই সময়ের মধ্যেই ফেরদৌসের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়েছে ঋতুপর্ণার। চলচ্চিত্র অঙ্গনের একাধিক সূত্র জানিয়েছে, আত্মগোপনের এই সময়টিতে ফেরদৌস নিজেকে লেখালেখিতে ব্যস্ত রেখেছেন। ফেরদৌসের লেখালেখির প্রতি ঝোঁক নতুন নয়। তবে এবার তা সম্ভবত অনেক গভীরে গিয়েছে।
উল্লেখ্য, ১৯৯৮ সালে বাসু চ্যাটার্জি পরিচালিত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন ফেরদৌস। এরপর ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার বহু সিনেমায় অভিনয় করেন তিনি। ২০০১ সালে ‘ওস্তাদ’ সিনেমায় ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধেন তিনি। এরপর তাদের একাধিক সফল সিনেমা রয়েছে। কাজের সূত্রে গড়ে ওঠা এই বন্ধুত্ব বছর গড়িয়েছে, তবুও তা অটুট থেকেছে।